আইএসপি খাতকে এগিয়ে নিতে এআই গ্রহণে জোর আইএসপি খাতের উদ্যোক্তাদের

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড। গত সোমবার রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা বলেন, সরকারের ইডিসি প্রকল্পের আওতায় ১ লাখ ৮ হাজার সংযোগ স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ৫৫ হাজার সংযোগের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্লেক্সাস ক্লাউড জানিয়েছে, নতুন এআইভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি কমপ্লায়েন্স এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এক প্ল্যাটফর্মে পরিচালনার সুবিধা দেবে। এর মাধ্যমে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা প্রদান, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত এবং দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদানে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এ প্ল্যাটফর্মটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও দক্ষ, স্বয়ংক্রিয় ও গ্রাহককেন্দ্রিক করে তুলবে। প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতেই এআইভিত্তিক এই ইআরপি সমাধান তৈরি করা হয়েছে। তার মতে, সফটওয়্যারটি আইএসপি খাতের পরিচালন কার্যক্রম, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বাড়াতে সহায়তা করবে।