চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের মাধ্যমে ২৫টি ল্যাপটপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসে এ দুই প্রতিষ্ঠানের মাধ্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্যতম লক্ষ্য ছিল চর অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা। এ ল্যাপটপগুলোর সঠিক ব্যবহার প্রকল্পের এ উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের অনেক শিক্ষার্থী বন্যা, নদীভাঙন এবং সীমিত অবকাঠামোর কারণে নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়, যা ওই অঞ্চলগুলোতে শিক্ষার হার কমে যাওয়া ও শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম কারণ।
গত এক বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ কর্মসূচির মাধ্যমে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিদ্যালয়গুলোতে স্টারলিংক সংযোগ চালু হওয়ায় শিক্ষার্থীরা নির্ভরযোগ্য ইন্টারনেট ও ডিজিটাল শিক্ষার সুবিধা পাচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং ঝরে পড়ার হারও কমতে শুরু করেছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমও চলছে।
