মোবাইল ফোন মেরামতের প্রশিক্ষণ পাচ্ছে ৫০০ তরুণ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশন। এ উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণ পাবেন মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ। এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। এর মাধ্যমে তরুণরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবেন।
বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৭০ লাখের বেশি। একই সঙ্গে প্রায় ৭৫ শতাংশ পরিবারের কাছে রয়েছে স্মার্টফোন। এ প্রেক্ষাপটে মোবাইল ফোন মেরামত খাতে আয় ও কর্মসংস্থানের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের এ উদ্যোগের লক্ষ্য তরুণদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং এসব সম্ভাবনাময় কর্মক্ষেত্রের সঙ্গে তাদেরকে যুক্ত করা।
বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তার মাধ্যমে দেশে আর্থিক সক্ষমতা বাড়ানোর ও টেকসই উন্নয়নের যে প্রতিশ্রুতি মেটলাইফ ফাউন্ডেশনের রয়েছে, এ উদ্যোগ তারই অংশ।
