ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ‘মুক্ত পে’ নামে এ ডিজিটাল পেমেন্ট সেবা চালুর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেনের বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অপারেটরটি।

গ্রাহকদের সহজ, নিরাপদ ও সহজলভ্য ডিজিটাল লেনদেনের সুযোগ দেবে বাংলালিংকের সম্পূর্ণ মালিকানাধীন সেবা ‘মুক্ত পে’। ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়ানোর পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, ক্যাশলেস লেনদেন বাড়ানো এবং ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যাত্রায় অবদান রাখবে এ সেবা।

দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্য নিয়ে ‘মুক্ত পে’ সেবা চালু করছে বাংলালিংক। দেশের মানুষের কাছে মোবাইল সংযোগ আরও সহজলভ্য করার যে অভিজ্ঞতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে ডিজিটাল আর্থিক সেবা খাতেও সুযোগ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। ‘মুক্ত পে’-এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিতে বৈষম্য নিরসনেও কাজ করবে এই সেবা।