কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করল এনআরবিসি ব্যাংক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন এ সেবার মাধ্যমে স্টেটমেন্টে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের স্ক্রিনে স্টেটমেন্টের তথ্য দেখে এর সত্যতা যাচাই করতে পারবেন। বিদেশি দূতাবাসে ভিসা আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হয়। দাখিল করা স্টেটমেন্টটি প্রকৃত ও নির্ভুল কিনা, তা দ্রুত যাচাই করার প্রয়োজনীয়তা থেকেই এ ডিজিটাল সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। এর ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
