তৈরি পোশাকের প্রচারণা

লাস ভেগাসে নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস ট্রেড সেন্টারে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত প্রদর্শনীতে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক খাতের শিল্প অংশীদারদের নজর কেড়েছে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় দেশের শীর্ষস্থানীয় ২০টি তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান ২১টি বুথ নিয়ে অংশ নেয়।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, বায়ার, প্রখ্যাত ব্র্যান্ড ও ডিজাইনারদের সংযোগ ঘটাতে ‘সোর্সিং অ্যাট ম্যাজিক’ আন্তর্জাতিকভাবে বহুল স্বীকৃত। মার্কিন বাজারে প্রবেশ এবং বৈশ্বিক সোর্সিংয়ের নতুন দুয়ার খুলতে মেলাটি অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে।

এবারের আসরে বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশের প্রদর্শকরা অংশ নেন। মেলায় ৮০০টিরও বেশি স্টল বা বুথ স্থান পায়। তিন দিনব্যাপী এ ইভেন্টে ৭০টি দেশের আনুমানিক ৮,৫০০ জন দর্শনার্থীর সমাগম ঘটে, যার মধ্যে ৭৩ শতাংশের বেশি ছিলেন উচ্চপর্যায়ের বায়ার এবং খাতের নীতি-নির্ধারক।

বাংলাদেশি প্রদর্শকরা বিশ্ব বাজারে নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সুবিধা প্রদর্শন করেন।