ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ১১৩০ কোটি টাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি তিনটি প্রধান সূচকই নিম্নমুখী ছিল। এদিন ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৭টির দর কমেছে, বেড়েছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির।
লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ দশমিক ৯৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়ায়। ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, এদিন মোট ২ লাখ ৮১ হাজার ৬৬৫টি লেনদেনের মাধ্যমে ৩৬ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৭৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৩০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৯৬৬ টাকায়।
এদিন ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির ১৯৯টি কোম্পানির মধ্যে ৫৯টির দর বেড়েছে, ১২৫টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৩টি কোম্পানির মধ্যে ১০টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং একটি অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৬০টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসইতে ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬টির দর বেড়েছে, ২৪টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল। কর্পোরেট বন্ডের দুটি ইস্যুর মধ্যে একটি বেড়েছে এবং একটি কমেছে। এ ছাড়া পাঁচটি সরকারি সিকিউরিটিজের (জি-সেক) সবগুলোরই দর কমেছে।
