সাত ফান্ডের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ-সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭টি ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর দুটি ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ফান্ডগুলোর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত জানানো হয়েছে। লভ্যাংশ না দেওয়া সাতটি ফান্ড হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড।

তবে ২০২৫-২৬ অর্থবছরে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪ শতাংশ নগদ এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ অর্থবছরে ইউনিটপ্রতি ১ টাকা ১২ পয়সা মুনাফা করেছে। গত ৩০ জুন শেষে বাজারদর ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৩৪ পয়সা। এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৯০ পয়সা। গত ৩০ জুন শেষে ফান্ডটির এনএভিপিইউ ছিল ১০ টাকা।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৭ পয়সা এবং অর্থবছর শেষে এনএভিপিইউ ছিল ৮ টাকা ৭৯ পয়সা। আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪০ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিইউ ছিল ৮ টাকা ৬৬ পয়সা। আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। অর্থবছর শেষে ফান্ডটির এনএভিপিইউ ছিল ৯ টাকা ৫৫ পয়সা। আইসিবি অ্যামপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১-এর ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং এনএভিপিইউ ছিল ৮ টাকা ৫০ পয়সা। ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ফান্ডটির এনএভিপিইউ ছিল ৮ টাকা ৮৪ পয়সা। অন্যদিকে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ২০২৫-২৬ অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিইউ দাঁড়িয়েছে ১২ টাকা ৪৮ পয়সা।

রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৫ পয়সা এবং ৩০ জুন শেষে এনএভিপিইউ ছিল ১১ টাকা ৬২ পয়সা।