১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলার এবারের প্রতিপাদ্য- ‘ইনোভেট টু মার্কেট’। মেলা বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব অংশীদারকে এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য। একটি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে এ ইনোভেশন ফেয়ার। আগামী ৩০ আগস্ট তারিখের মধ্যে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান, কর্পোরেট, ইন্ডাস্ট্রি, এমএনসি, সরকারি সংস্থা, আইএনজিও, এনজিও, এসএমই বা সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ বা আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগ্রহীদের নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে।