বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল অর্থনীতি বা ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই নিয়ন্ত্রক সংস্থাটির নির্দেশে গত জুলাইয়ে দেশের সব ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) তাদের নিজস্ব কিউআর কোড বদলে বাংলা কিউআর চালু করেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে লেনদেনের লক্ষ্য দেওয়ায় ক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বাংলা কিউআরের মাধ্যমে দ্রুত অর্থ গ্রহণ শুরু করে। এর ফলে ‘বাংলা কিউআর’র মাধ্যমে এখন দৈনিক লেনদেনের পরিমাণ ১১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সময়ে মার্চেন্ট বা বিক্রেতার সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখে। বাংলাদেশ ব্যাংক থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১ জুলাই থেকে সব প্রোপ্রাইটরি বা নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক ‘বাংলা কিউআর’ রাখা বাধ্যতামূলক করা হয়। ফলে গ্রাহকদের মধ্যে এর ব্যবহার দ্রুত বেড়েছে। জুলাইয়ের শুরু থেকে আগস্টের মাঝামাঝি সময়ে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের আর্থিক মূল্য প্রায় তিন গুণ বেড়েছে। জুলাই মাসে দৈনিক গড় লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার। গত সপ্তাহের হিসাবে দৈনিক লেনদেনের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩ হাজার। জুলাইয়ের শুরুতে দৈনিক লেনদেন হতো ৩৭ কোটি টাকা, যা এখন বেড়ে ১১০ কোটি টাকা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এক দেশ এক কিউআর’ নীতি বাস্তবায়নের ফলে মার্চেন্টদের একাধিক কিউআর রাখার ঝামেলা যেমন কমেছে, তেমনই সাধারণ গ্রাহকেরাও যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে সহজে কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন। বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকগুলোও এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করছে, যা দেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম জোরদার করতে বড় অবদান রাখছে।