এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরের উদ্যোগ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে| এ বিষয়ে ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করা হয়েছে| গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এসইএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে ২০২৬ তারিখের আদেশ এবং ফান্ডটিকে স্বেচ্ছায় বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে| ট্রাস্টি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল-০২ এ সভাটি অনুষ্ঠিত হবে| এদিকে সভায় অংশগ্রহণের জন্য ইউনিটহোল্ডার নির্ধারণে আগামী ৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে| ওই দিন থেকেই ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে|
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ইউনিটের লেনদেন বন্ধ থাকবে| ফান্ডটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর ২০২৬|
