খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে। এতে আশার আলো দেখা যাচ্ছে। তবে খেলাপি ঋণ আরও কমানো প্রয়োজন।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে 'ফরেনসিক অ্যাকাউন্টিং অ্যান্ড ফ্রড ইনভেস্টিগেশন' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, ২০২৪ সালে খেলাপি ঋণ ছিল ১১ শতাংশ। পরে, ২০২৫ সালের জুন মাসে ফরেনসিক অডিটের মাধ্যমে দেখা যায়, খেলাপি ঋণের অনুপাত ৩৫ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, তার মানে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা সহযোগিতা করেছেন এটাকে ঢেকে রাখার জন্য। এ হিসাবটাও সঠিক কিনা তা নিশ্চিত নয়। আসলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। ড. তিতুমীর বলেন, চলতি বছরের মার্চ মাসে খেলাপি ঋণের অনুপাত কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে।
তিনি বলেন, আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে, অন্তত এ খেলাপি ঋণের অনুপাত হ্রাস পাচ্ছে। তবে আরও বেশি হ্রাস পাওয়া দরকার।
