কৃষি ঋণ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কৃষি খাতে ঋণের খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় দেওয়া ঋণে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নির্ধারণ করা হয়েছে। ৩০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। পরে গ্রাহক পর্যায়ে দেওয়া ঋণে ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রেও মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশের মধ্যে রাখতে হবে। খাত ও প্রকল্পের ধরন অনুযায়ী ঋণের মেয়াদ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট কিছু খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১৮ মাস। এসব ঋণে সর্বোচ্চ তিন মাস গ্রেস পিরিয়ড দেওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পের জন্য ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩৬ মাস করা হয়েছে। প্রকল্পের ধরন অনুযায়ী এসব ঋণে তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে। এর মধ্যে ঋণের আসল অর্থের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ৩ শতাংশ সুদ বা মুনাফাও পরিশোধ করতে হবে।