স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। আজ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নেতৃত্বে আসছেন এনামুল হক। স্ট্যান্ডার্ড চার্টার্ডে তার ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনার পাশাপাশি তিনি বহুমাত্রিক ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনে নেতৃত্ব দিয়েছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে, এপ্রিল ২০২৫ থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকার পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়াও তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি