পাবজি মোবাইল প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ই-স্পোর্টস প্রতিযোগিতা 'পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফল' আসরের চ্যাম্পিয়ন হয়েছে এমআর ই-স্পোর্টস। ফাইনাল পর্বের ১২ রাউন্ডের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা এবারের আসরের সেরা দল নির্বাচিত হয়। এবারের আয়োজনের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার ছিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে ফাইনালের অফলাইন ম্যাচগুলো শুরু হলেও নেটওয়ার্ক জটিলতায় সূচিতে কিছুটা পরিবর্তন এনে গত ৩০ আগস্ট অনলাইনে শেষ দিনের ম্যাচগুলো সম্পন্ন হয়। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিএমএফ ই-স্পোর্টস। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে এওয়ান আরজি ই-স্পোর্টস ও ভিএভেকে সাইলেন্ট আর্মি। ফাইনাল পর্বে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এওয়ান আরজির গেমার রাউডি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল এমআর ই-স্পোর্টস পেয়েছে ৩ লাখ টাকা। রানার্স-আপ সিএমএফ ই-স্পোর্টস পেয়েছে দেড় লাখ টাকা। আর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটি পেয়েছে যথাক্রমে ১ লাখ ও ৭০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া বাকি ১২টি দলকেও অবস্থান অনুযায়ী প্রাইজমানির বাকি অংশ প্রদান করা হয়।
