বাংলাদেশে যাত্রা শুরু করছে জাপানি ব্র্যান্ড গ্যাটসবাই
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাপানের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যসামগ্রীর ব্র্যান্ড গ্যাটসবাই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ম্যানডম কর্পোরেশনের এ ব্র্যান্ডের বাংলাদেশে আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কাজ করবে বেলা বিডি। স্থানীয় বাজারে ব্র্যান্ডটির ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। গ্যাটসবাই দীর্ঘদিন ধরে জাপানসহ বিভিন্ন দেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর অংশ হিসেবে গ্যাটসবাই ও বেলা বিডি ৩ থেকে ৫ সেপ্টেম্বর বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত কসমেটিকা ঢাকায় অংশ নিচ্ছে। এ আয়োজনে দেশীয় ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠান দুটি। এ সময় বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের চাহিদা ও সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় হবে। বেলা বিডির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ নূর-ই-আলম সিদ্দীকি বলেন, বাংলাদেশের বাজারে গ্যাটসবাইয়ের আনুষ্ঠানিক যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে নিয়ে আসা নয়; স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাও আমাদের লক্ষ্য। বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের খাতে যে সম্ভাবনা রয়েছে, গ্যাটসবাইয়ের উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।
