শেয়ারবাজারের পতন ঠেকালো বস্ত্র-বিমা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বড় ধসের পর গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কিছুটা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে, অন্য ?দুই সূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক বাড়াতে মূখ্য ভূমিকা রেখেছে বস্ত্র ও বিমা খাতের কোম্পানিগুলো। বস্ত্র ও বিমা খাতের ওপর ভর করে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়লেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের ধারা অব্যাহত রয়েছে। বাজারটিতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। এর আগে, গত রোববার ডিএসইতে বড় ধরনের ধস নামে। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট কমে যায়। একদিনে প্রধান মূল্যসূচক ১০০ পয়েন্টের ওপরে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ পরিস্থিতিতে সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখীতার দেখা মেলে। তবে, অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে।
এতে আবারও পতনের শঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের। অবশ্য, লেনদেনের শেষদিকে বস্ত্র ও বিমা খাতের কোম্পানিগুলো শেয়ারের দাম বড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে। যার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
