অনলাইন ব্যবসায় ২ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অনলাইনভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এনবিআরের দুটি নিবারক দল গত মঙ্গলবার রাজধানীর বনানী-১১ ও মিরপুর-১২ এলাকায় অবস্থিত 'আলফা ই-শপ'-এর দুটি শোরুমে একযোগে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দামি ব্র্যান্ডের ফ্যান, ডেকোরেটিভ ফ্যান, লাইটিং, ঝাড়বাতি, ইলেকট্রনিক্স, এসি, টিভিসহ ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন পণ্য আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহ করে বিক্রি করে থাকে। এনবিআর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্রেতা আকর্ষণে প্রতিষ্ঠানটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। পোশাক ব্র্যান্ডের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি। অভিযানকালে দুটি শোরুম থেকে ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়। এসব নথি পর্যালোচনায় দেখা যায়, করপোরেট সেল, শোরুম সেল, বনানী অনলাইন শোরুম সেল, অনলাইন কল সেল, অনলাইন হোয়াটসঅ্যাপ কল সেল, অনলাইন ডিলার সেল ও ওয়েবসাইট সেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করে আসছিল। এ ছাড়া বনানী-১১ ও মিরপুর-১২ এলাকায় অবস্থিত দুটি শোরুমের মাধ্যমেও প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করে।
এনবিআর জানায়, জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব পরিশোধে মৌখিক সম্মতি দেওয়া হয়েছে।
জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এনবিআর আরও জানায়, অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ভ্যাট ফাঁকির প্রবণতাও বাড়ছে। এ বিষয়ে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট, ঢাকার রিসার্চ টিম মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করছে।
