প্রিয়শপ পরিবারের কৃতি শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ চালু করেছে 'প্রিয়শপ স্কলারশিপ'। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের কৃতী সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা প্রদান করা হবে। প্রিয়শপ মনে করে, একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু কর্মীরা নয়, তাদের পরিবারগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই বিশ্বাস থেকেই কর্মীদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার লক্ষ্যে এ স্কলারশিপ কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।

সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের নির্বাচন করা হয়েছে। প্রতিকূলতা ও সীমিত সুযোগের মধ্যেও তারা যে সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। বর্তমানে সারা দেশে প্রিয়শপের ৪৩টি হাব রয়েছে। এসব হাবে কর্মরত সহকর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজারও খুচরা ব্যবসায়ীর কাছে সেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের অবদানেই প্রিয়শপ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল রিটেইল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।