ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্লায়েন্টদের নিয়ে প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে। এ আয়োজনে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি একত্রিত হন। তারা বাংলাদেশের ক্রমবর্ধমান মূলধন বাজার, নীতিনির্ধারকদের ভূমিকা, বাজার স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

ফোরামে আলোচকরা বলেন, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারা বাজার গঠন, প্রযুক্তির কৌশলগত ব্যবহার এবং টেকসই অর্থায়নকে কাজে লাগিয়ে বাংলাদেশ শুধু বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলা নয় বরং নতুন সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারবে। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, শক্তিশালী বাজার অবকাঠামো, নীতিমালার পরিষ্কার দিকনির্দেশনা এবং সকল পক্ষের সক্রিয় সহযোগিতাই বাংলাদেশের অবস্থানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মধ্যে আরও দৃঢ় করতে সহায়তা করবে। ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, মাসুদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, মো. সরোয়ার হোসেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক বলেন, বাংলাদেশের মূলধন বাজার এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। স্থিতিশীল বাজার, ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং ডিজিটাল ও টেকসই অর্থায়নকে গ্রহণের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির পরবর্তী প্রবৃদ্ধির ধাপ উন্মোচন করতে পারি।