দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 'টিকটক বাজার' চালু

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিং দক্ষতা অর্জনে সহায়তা করতে সম্প্রতি 'টিকটক বাজার' কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্সের সাথে যৌথ উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়। সারা দেশ থেকে প্রায় ২,৫০০ এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে টিকটক বাজার কর্মসূচির মাধ্যমে। এ কর্মসূচির আওতায় কর্মশালা, আলোচনা এবং অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তারা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে। একইসাথে নিজেদের ব্র্যান্ড আরও দৃঢ় হবে এবং দেশের বাইরেও নতুন সুযোগ তৈরি হবে। বাংলাদেশে অনেক উদ্যোক্তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক, খাবার, প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যার পণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রচার ও বিক্রি করছেন। তবে তারা অনেক ক্ষেত্রেই গঠনমূলকভাবে পারফরম্যান্স মার্কেটিং প্রশিক্ষণের সুযোগ পান না। এর ফলে সঠিকভাবে মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা করা এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ডিজিটাল খাতে এ প্রয়োজনীয় দক্ষতাগুলো বৃদ্ধির লক্ষ্যে 'টিকটক বাজার' উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন একটি চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে এ পার্টনারশিপে টিকটক বাজারের মাধ্যমে আমরা এসএমইগুলোকে প্রয়োজনীয় তথ্য, ও সহায়তা দিতে চাই। এতে তারা স্থানীয় ক্রেতাসহ বিদেশের দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ পাবে।