নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল পূবালী ব্যাংক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া প্রকৌ. গিয়াস উদ্দিন আহমদ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নেত্রকোণা টিটিসিসহ বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান পূবালী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংকের দেওয়া এ বাস শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে। শিক্ষার্থীদের কল্যাণে এমন আন্তরিক সহযোগিতার জন্য তিনি পূবালী ব্যাংক পিএলসির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
