১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ডলার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনেই দেশের প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ (১,৮৭৭ মিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত (জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর) দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
