মেটলাইফের স্বাস্থ্যবিমার সুরক্ষা ও সঞ্চয় সুবিধা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

'মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান' (এমএইচএসপি) নামে নতুন একটি স্বাস্থ্যবীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো বড় ধরনের অসুস্থতার ক্ষেত্রে সুরক্ষা, স্বাস্থ্যসেবা-কেন্দ্রিক সঞ্চয় এবং চিকিৎসার প্রয়োজনে সহজে অর্থ ব্যবহারের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে এ বীমা থেকে। স্বাস্থ্যসেবার খরচ মেটাতে গিয়ে বাংলাদেশি পরিবারগুলো সাধারণত বড় ধরনের আর্থিক উদ্বেগের মুখোমুখি হয়। অন্যদিকে, বাংলাদেশে বীমা সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম। ফলে আর্থিক প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিত করতে পারে এমন বীমার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি।

ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ভার বহনে গ্রাহকদের আর্থিকভাবে প্রস্তুত করতে 'মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান' বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রচলিত স্বাস্থ্য সুরক্ষার বাইরে গিয়ে এ বীমায় গ্রাহকেরা ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য আলাদা একটি তহবিল গড়ে তুলতে পারবেন। পাশাপাশি, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে তারা বীমার টাকাও পাবেন। নতুন এ স্বাস্থ্যবীমায় ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনসহ নীতিমালায় উল্লেখিত অন্যান্য গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হবে। কোন কোন রোগ ও পরিস্থিতি এর আওতায় থাকবে, তা বীমার শর্তাবলিতে উল্লেখ করা থাকবে।