বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একইসঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে এ ডেডিকেটেড শোরুম এবং স্থানীয় অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন থেকে স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা পাবেন।

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি এ সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআই'র জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।

নতুন এ সেন্টারে সনির বিশ্বখ্যাত 'আলফা' ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম 'জি মাস্টার' লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। এ উদ্যোগের অংশ হিসেবে সনি বাংলাদেশ গ্রাহকদের সর্বদা অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।