জে.আই. ইমপেক্সের ৩৫ কোটি ৬৫ লাখ টাকার মূসক ফাঁকি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর অভিযানে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত জে.আই. ইমপেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি উদঘাটন করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা (পূর্ব) কমিশনারের নির্দেশনায় এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত জে.আই. ইমপেক্স লিমিটেডে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রতিষ্ঠান থেকে মূসক ১২.৩ এর মাধ্যমে বিপুল পরিমাণ বাণিজ্যিক নথিপত্র, বিক্রয় সংক্রান্ত দলিল, টালি খাতা, রেজিস্টার, ট্রাক রেন্ট ডকুমেন্টস, মেমো ফাইল, কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিলাদি এবং একটি সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার ও নথিতে কাঁচা চালান এবং বিক্রয়ের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার বিক্রয় তথ্যের বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।