উবারের কান্ট্রি হেড এসএম জামশেদ হাসান

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে উবারের চলমান কার্যক্রম ও নতুন ধরনের পরিবহনসেবা সম্প্রসারণে কাজ করবেন তিনি। জামশেদের পেশাগত অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতেও কাজ করেছেন তিনি।

উবারে যোগ দেওয়ার আগে ওয়েজলি বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেন জামশেদ। সেখানে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখেন তিনি। এর আগে ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফে বাণিজ্যিক ও ব্যবসা উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন পদে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব ও পণ্য উন্নয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

জামশেদের নিয়োগ প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, জামশেদকে উবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে আমাদের ব্যবসা পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।