গ্লোবাল ইনভেস্টরদের নিয়ে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন ও এর বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 'ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!' উদ্যোগের আওতায় এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এ গোলটেবিল বৈঠকে গ্লোবাল ইনভেস্টরস, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। চলতি বছরের শুরুর দিকে চালু হওয়া ভিওনের 'ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!' উদ্যোগটি বাংলাদেশ সরকারের সঙ্গে একটি প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
