ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ
টাকা ফেরত পাচ্ছেন ১৭৩৩২ বিনিয়োগকারী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ব্রোকারেজ হাউজের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। সোমবার ডিএসই আয়োজিত 'আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে' তিনি এ কথা জানান।
ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে অর্থ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ-ক্ষতি দুটোই হতে পারে। স্বাভাবিক নিয়মে শেয়ারের দাম কমা-বাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়। তবে বাজারের কোনো মধ্যস্থতাকারীর অনিয়মের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজারের ওপর তাদের আস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, বিগত দিনে দেখা গেছে, বেশ কিছু ব্রোকারেজ হাউজ তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।
