পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এ দাবি জানান। চিঠিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের ঘোষণার পরিপ্রেক্ষিতে বর্তমানে সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। দেশের সংকটকালীন সময়ে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন।

ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে চিঠিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানগুলোতে বেচাকেনা কম। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

দোকান মালিক সমিতি বলেছে, ঈদ ও পূজার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। এসব উৎসবকে কেন্দ্র করে সাধারণত বেচাকেনা কিছুটা বাড়ে। ফলে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করছে সংগঠনটি।