ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। গতকাল রোববার রাজধানীর বেইলি রোড এলাকায় মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে গ্রাহক কিউআর কোড স্ক্যান করেই সহজে কেনাকাটা শেষে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বাংলা কিউআর দিয়ে সকল প্রকারের ব্যবসায়ী, হকার, দোকানি ও সর্বস্তরের গ্রাহককে সোনালী ব্যাংক ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
