বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে 'বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা (৩.০)'। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্পখাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলার আজ শেষদিন। এবারের প্রতিপাদ্য, 'কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর'। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলায় শিক্ষার্থীদের শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ, ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করার ক্ষেত্র এবং উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্র ও ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কেও তারা ব্যবহারিক ধারণা লাভ করবেন।
