অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রতিষ্ঠান

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে 'অ্যাসোসিও অ্যাওয়ার্ডস-২০২৬' সম্মাননা প্রদান করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে ৫ অক্টোবর শুরু হওয়া 'অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট'-এর দ্বিতীয় দিন ৬ অক্টোবর সন্ধ্যায় 'অ্যাওয়ার্ড নাইট' অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ, অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাশেদ কামাল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মো. মনির হোসেন এবং স্কিলআপারের ফাউন্ডার ও চিফ ইনস্ট্রাক্টর মো. শামীম হুসাইন।

বিসিএস-এর মনোনয়নে অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস ক্যাটেগরিতে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্কিলআপার সম্মাননা অর্জন করেছে।