ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এ সম্মেলনে অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। এতে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং উপায়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সামিট।

সম্মেলনে বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতের রূপান্তর, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ এবং এ খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়। স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, বাংলাদেশের ফিনটেক খাতের আগামী দিনের অগ্রগতি নির্ভর করবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আমরা কতটা স্থায়ী আর্থিক সক্ষমতায় রূপ দিতে পারি, তার ওপর।