ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে ওয়ালটনের বিশাল উৎপাদন পরিসর, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ এমইএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রতি হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এমইএস প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস. এম. মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমইএস প্রতিনিধিদলের সদস্যরা ডিসপ্লে সেন্টারে ওয়ালটন উৎপাদিত বিভিন্ন পণ্য, প্রোডাকশন প্ল্যান্ট এবং গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) কার্যক্রম ঘুরে দেখেন। তারা লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, ক্যাবল, কম্প্রেসরসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাই-টেক পণ্যের উৎপাদনপ্রক্রিয়া ও প্রযুক্তিগত উৎকর্ষতা প্রত্যক্ষ করেন। এ সময় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, ওয়ালটনের বিশাল উৎপাদন পরিসর, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত সক্ষমতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বা আরঅ্যান্ডডি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, ওয়ালটন এ সক্ষমতা আরও সম্প্রসারণ করুক এবং প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এগিয়ে যাক।
