ভোক্তা অধিদপ্তরের অভিযান

৮০ প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিষাক্ত রাসায়নিক দিয়ে অপরিপক্ব কলা পাকানো, ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে ভোজ্যতেল সংরক্ষণ এবং ডাবসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে নানা অনিয়মের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় একযোগে পরিচালিত অভিযানে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক দিয়ে পাকানো কলা এবং অনিরাপদ ড্রামে সংরক্ষিত প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার সুরক্ষায় অধিদফতরের ৩৬টি টিম এ বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে পাইকারি ও খুচরা বাজার, ফলের আড়ত, ভোজ্যতেলের দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

রাসায়নিক দিয়ে কলা পাকানোয় ৫০ হাজার টাকা জরিমানা : কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর অপরাধে 'হালিমের কলার আড়ত'কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে ডাব ও কলার আড়তে অভিযান চালানো হয়। সেখানে কলা পাকানোর রাসায়নিক সংরক্ষণের অপরাধে একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরমালডিহাইডের ড্রামে সয়াবিন তেল, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা : রাজধানীর কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে খোলা ভোজ্যতেলের বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ এবং প্রয়োজনীয় লেবেল না থাকার অনিয়ম শনাক্ত করা হয়। এসব অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সততা স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজধানীতে ডাবের বাজারে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা : ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে রাজধানীর সাদেক খান কৃষি মার্কেটের ডাবের আড়ত এবং কলেজ গেট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের ডাবের দোকানগুলোতে বিশেষ তদারকি চালানো হয়।