বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭.১৬ শতাংশ হয়েছে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। এসব দেশে ব্যয়ের হার যথাক্রমে ১০.৮৬, ৯.৭৫, ৯.১২ ও ৭.৯৮ শতাংশ।

বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয়ের পাশাপাশি দেশে সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।

একই সময়ে দেশে ব্যাংক কার্ডের সংখ্যাও প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।