ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও নগদের চুক্তি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ। এই অংশীদারত্ব দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দুটি ডিজিটাল বিমা পণ্য— কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান— নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহকরা প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করে বিমাসেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসুবিধা নিশ্চিত করা এবং বেশি সংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। সম্প্রতি ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া। এসময় নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, 'সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবিমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি