ডেল টেকনোলজিসের অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের ফিসক্যাল ইয়ার ২৬' কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার-ইমার্জিং মার্কেট অ্যাওয়ার্ড অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করা হয়। ২১ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পা'তে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন চিন ওয়াহ মাক, ম্যানেজিং ডিরেক্টর, ইমার্জিং মার্কেটস; লুকাস সল্টার, সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট; এবং তামজিদ আজাদ পার্থ, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস, ডেল বাংলাদেশ।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন। মোহাম্মদ জহিরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, ডেল টেকনোলজিসের কাছ থেকে এপুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমার ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। এ পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণে এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন আইটি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের ভূমিকার স্বীকৃতি বহন করে।