হংকংয়ে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো' ২৮ অক্টোবর

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, টেকনিক্যাল অ্যাপারেল, উদ্ভাবন এবং টেকসই উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে আগামী ২৮ অক্টোবর হংকংয়ে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো' আয়োজন করতে যাচ্ছে এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক মূল্যশৃঙ্খলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক সোর্সিং কৌশলের পরিবর্তন এবং বৈশ্বিক বাজারের ক্রমপরিবর্তনশীল চাহিদার প্রেক্ষাপটে এ রোডশো বাংলাদেশের পোশাক খাতের সম্প্রসারিত সক্ষমতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা নিয়ে উপস্থাপনা, বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও উদীয়মান সোর্সিং প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাকের প্রদর্শনী থাকবে। এতে উদ্ভাবন ও কারিগরি পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এতে এইচএসবিসি হংকংয়ের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি. জোনসসহ ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আয়োজন আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করবে। পাশাপাশি, বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থার পরিবর্তিত চাহিদা এবং উদীয়মান ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে অর্থবহ আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

আন্তর্জাতিক নেটওয়ার্ক, বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশে দীর্ঘ উপস্থিতির মাধ্যমে এইচএসবিসি বিভিন্ন প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তঃসীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সহায়তা করে আসছে। রোডশোটি আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ জোরদার এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে ব্যাংকটির অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এ উদ্যোগে শিল্প খাতের অভিজ্ঞতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। এ সহযোগিতা পোশাকের পণ্য ও বাজার বৈচিত্র্য বাড়ানো, প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করবেন।