১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়াতে ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র?্যাক ব্যাংক। বন্ড ইস্যুর এই উদ্যোগ টেকসই অর্থায়নের প্রতি ব্র?্যাক ব্যাংকের অঙ্গীকার তুলে ধরে। একই সঙ্গে, দেশের অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে তোলার অগ্রযাত্রার সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ। তিন বছর মেয়াদি এই বন্ডটি হবে সিনিয়র আনসিকিউরড, অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও জিরো-কুপন বন্ড। বন্ড থেকে সংগৃহীত অর্থ গ্রিন বন্ডের আওতায় অর্থায়নের জন্য নির্ধারিত পরিবেশবান্ধব প্রকল্পে ব্যয় করা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন বন্ড অর্থায়ন নীতিমালা' অনুসরণ করে ইস্যু হতে যাওয়া দেশের প্রথম গ্রিন বন্ড এটি। বন্ডটি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) গ্রিন বন্ডের মূলনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
