ডেটা সেবায় রবির শক্তিশালী মুনাফা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল গ্রাহকসংখ্যার ধারাবাহিক বৃদ্ধি এবং দক্ষ পরিচালনব্যবস্থাপনার ফলে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকেও ব্যবসায়িক সাফল্য ও মুনাফার ধারাবাহিকতা বজায় রেখেছে রবি আজিয়াটা পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটি কর-পরবর্তী মুনাফা করেছে ২৫১ কোটি ৩০ লাখ টাকা, যা মোট রাজস্বের ৯.৪ শতাংশ। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব হয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৮ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩.৭ শতাংশ বেশি। প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা পৌঁছেছে ৫ কোটি ৯২ লাখে। ইন্টারনেট গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ৬৮ লাখ এবং ফোর-জি নেটওয়ার্ক ব্যবহারকারী গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ২৮ লাখ। বর্তমানে রবির সক্রিয় গ্রাহকদের ৭২ শতাংশই ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করছেন, যা দেশে ডিজিটাল সংযোগসেবা গ্রহণের ধারাবাহিক প্রবণতার প্রতিফলন।
তৃতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় ও পরিশোধনের আগের আয় হয়েছে ১ হাজার ৪১৯ কোটি ৭০ লাখ টাকা, ৫২.৮ শতাংশ মার্জিনসহ। এ মার্জিন আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১.৪ শতাংশীয় পয়েন্ট বেশি। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে রবির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এ অগ্রগতি। নেটওয়ার্কের মান উন্নয়নেও বিনিয়োগ অব্যাহত রেখেছে রবি। তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয়ের পরিমাণ ছিল ৩৪১ কোটি ৯০ লাখ টাকা। প্রান্তিক শেষে দেশজুড়ে রবির চালু ফোর-জি নেটওয়ার্ক সাইটের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এর মাধ্যমে দেশের বিপুলসংখ্যক গ্রাহক উন্নত ডিজিটাল সংযোগসেবা পাচ্ছেন। এ সময়ে সরকারকে রাজস্ব হিসেবে ৭০০ কোটি ৭০ লাখ টাকা দিয়েছে রবি, যা প্রতিষ্ঠানটির ঐ সময়ের মোট রাজস্বের ২৬ শতাংশ।
