মূলধন শক্তিশালীকরণ ও টেকসই প্রবৃদ্ধির নতুন উদ্যোগ মেঘনা ব্যাংকের
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
দেশের ব্যাংকিং খাতে মূলধন ভিত্তি আরও শক্তিশালী করা, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত মূলধন সংরক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ব্যাংকগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘনা ব্যাংকের দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের মূলধন ভিত্তি আরও সুদৃঢ? এবং শক্তিশালী করার পাশাপাশি ব্যাংকের ঋণ ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে। ফলে দেশের শিল্পায়ন, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অবদান রাখার সম্ভাবনা তৈরি হবে। মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ডটি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাভ করেছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বন্ড ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য নিয়ন্ত্রক কাঠামো ও শর্তাবলি পরিপালনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু ব্যাংকটির টায়ার-২ মূলধন শক্তিশালী করণে ব্যবহৃত হবে, যা মূলধন পর্যাপ্ততা বজায় রাখা, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হতে পারে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
