২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সুবিন্যস্ত ও বৈচিত্র্যময় ব্যবসা, সুশাসন এবং গ্রাহকবান্ধব কৌশলের ওপর ভর করে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মুনাফা, পরিচালন দক্ষতা এবং ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে দুর্দান্ত ফলাফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের হিসাব অনুযায়ী, অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে (Consolidated) ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের একই সময়ে যেখানে নিট মুনাফা ছিল ১,৫৩৬ কোটি টাকা, সেখানে ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২,১২১ কোটি টাকায়। এককভাবে (Standalone) বিবেচনা করলে, ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৫৮৪ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১,০৫৫ কোটি টাকা। সামষ্টিক অর্থনীতি এবং ব্যাংকিং খাতের চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ব্র্যাক ব্যাংক খাতের অন্যান্য ব্যাংকের চেয়ে এগিয়ে থেকে ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ব্যাংকটির গ্রাহক আমানত বেড়েছে ১৬ শতাংশ এবং গ্রাহক ঋণের পরিমাণ বেড়েছে ৭ শতাংশ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
