উদ্যোক্তা হতে ৫৬ জেলায় তরুণদের আবেদন শুরু
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের ব্যবসা উদ্যোগে অর্থায়নের সুযোগ তৈরি করতে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' কর্মসূচির আওতায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
'উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা শনাক্তকরণ ও অর্থায়ন কর্মসূচি' শীর্ষক এ উদ্যোগের লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং উপযুক্ত অর্থায়নের মাধ্যমে তাদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে সহায়তা করা। এদিকে, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় আবেদন গ্রহণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই ও উদ্যোক্তা নির্বাচনের কার্যক্রম চলছে।
জেলাগুলো হলো— মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
