মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বিশেষ ধরনের কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ বিষয় একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলার অনুযায়ী, এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট জমা, উত্তোলন ও নিরাপদে সংরক্ষণের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবে জমা অর্থের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে মুদ্রা জমার ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, মানি চেঞ্জারদের নগদ বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। এ ছাড়া এডি ব্যাংক নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনে লাইসেন্সপ্রাপ্ত, সিআইটি সেবা দেওয়ার প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।
দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়, মানি চেঞ্জাররা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপ ব্যবহার করে এসব হিসাব থেকে অর্থ তুলতে পারবেন।
