
তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 'তথ্য মেলা' আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে এনজিওগুলোর সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বুধবার মতবিনিময় সভা করেছে কমিশন। সকাল ১১টায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি