পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ

২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এ নির্দেশনার আওতায় আসতে পারে। ফলে জব্দ হতে যাওয়া ব্যাংক হিসাবের সংখ্যা ২০৪টির চেয়ে বেশি হবে। এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার অনুরোধ জানিয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের বেশির ভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে। তালিকায় তাদের পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।