ক্ষুদ্র উদ্যোক্তা খাত

২,৫০০ কোটি টাকা বিতরণ করেছে পিকেএসএফ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। 'কুটির শিল্প ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)' কর্মসূচির আওতায় পিকেএসএফ ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে এ অর্থ ছাড় করেছে। এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের ৮৭ শতাংশই নারী।

দেশের ৬৪ জেলায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন— এ চার উপখাতে ঋণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অর্থায়ন করা হচ্ছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত সরবরাহ ও বিপণন ব্যবস্থার ব্যবসা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে। গত ৭ সেপ্টেম্বর প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকাসহ এ পর্যন্ত তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। অবশিষ্ট ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে। পিকেএসএফ জানিয়েছে, অনুমোদিত পুরো অর্থ আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তা পর্যায়ে বিতরণ করা হবে।