ক্রিয়েটরস প্যাক চালু করল রবি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং তরুণদের ইতিবাচক সাড়ার বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য 'ক্রিয়েটরস প্যাক' নামে একটি বিশেষ প্যাক আনলো রবি আজিয়াটা পিএলসি। সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিশেষ সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয়ে সাজানো এ প্যাকটি কনটেন্ট ক্রিয়েটরদের আরও সহজে ও উদ্ভাবনী উপায়ে কনটেন্ট তৈরি এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। বর্তমানে দেশের অনেক তরুণ কনটেন্ট তৈরিকে নিছক শখ হিসেবে নয়, বরং পেশা ও আয়ের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। নতুন আইডিয়া খোঁজা, আকর্ষণীয় ভিডিও তৈরি এবং তা দ্রুত দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার এ যাত্রাকে সহজ ও বেগবান করতেই এ উদ্যোগ নিয়েছে রবি। রবির ক্রিয়েটরস প্যাকটিতে থাকছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জর ও লাইকি ব্যবহারের সুবিধা। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে 'রবি এআই স্পেস'-এ ব্যবহারের উপযোগী ২,০০,০০০ এআই টোকেন। টোকেনের সাহায্যে ক্রিয়েটররা নতুন আইডিয়া তৈরি, ভিডিওর পরিকল্পনা সাজানোসহ যেকোনো ছোট ভিডিও ও সোশ্যাল মিডিয়া পোস্টের ক্রিয়েটিভ লেআউট তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিতে পারবেন। বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে এআই প্রযুক্তির প্রয়োগ ও প্রসার নিশ্চিত করতে রবি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রবি ব্র্যান্ডের মূলমন্ত্র 'পারবে তুমিও'-এর অনুপ্রেরণায় তরুণদের স্বপ্ন পূরণ ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।